ইসরাইলকে রেখে ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব নয়
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:০৬
আল-কুদ্স ও ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে শুক্রবার এক সেমিনারে আলোচকরা বলেছেন, ইসরাইলের অস্তিত্ব বজায় রেখে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। খণ্ডিত ফিলিস্তিন রাষ্ট্র কাম্য নয়।
রমজানের শেষ শুক্রবারে অন্য মুসলিম দেশগুলোর মত বাংলাদেশেও গতকাল আল-কুদ্স দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে জুমার নামাজের আগে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল-কুদ্স কমিটির সভাপতি ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এসএমএ ফায়েজ, বিশেষ অতিথি ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমিনিয়ান তূসী ও বাংলাদেশস্থ ফিলিস্তিন দূতাবাসের বিশেষ প্রতিনিধি ফায়েক হামযা উপস্থিত ছিলেন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ।
ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমিনিয়ান তূসী বলেন, কুদ্স মুক্তির জন্য মুসলমানদের জাতীয়তা ও মাজহাবী মতভেদ বর্জন করে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবন্ধে অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমরা মুসলমানরা সব সময়ই শান্তি আহ্বানকারী, আমরা যুদ্ধবাজ নই, কিন্তু নিজেদের জীবন, অস্তিত্ব এবং পবিত্র স্থান রক্ষার্থে প্রত্যেক মুমিন আল্লাহর পথে যুদ্ধ করতেই হবে।
সেমিনার শেষে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দিকে অগ্রসর হলে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বাধা দেয়। ফলে প্রেসক্লাবের সামনেই শোভাযাত্রা শেষ হয়।