আন্দোলনের নামে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণায় উদ্বেগ বিশ্ববিদ্যালয় পরিষদের
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:০৬
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা বা তালা লাগিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় উপস্থিত উপাচার্যরা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেশের মোট ২৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
এরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজান উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাইদুল হক চৌধুর প্রমুখ।