সোমেশ্বরী নদীর ভাঙনে শতাধিক বাড়ি নদীগর্ভে

নেত্রকোনা জেলার দুর্গাপুরে পাহাড়ী নদী খরস্রোতা সোমেশ্বরীর ভাঙ্গনের কবলে বিজয়পুর-ডাকুমারা সড়ক রক্ষা বাঁধ। কুল্লাগড়া ইউনিয়নের শিবগঞ্জ, ডাকুমারা, বিজয়পুর এবং দুর্গাপুর পৌর এলাকার অনেক জায়গা সোমেশ্বরী নদীতে চলে গেছে। কয়েকটি এলাকার শতাধিক বাড়িঘর বিলীন হয়ে কয়েকশ’ পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাবাসী জানান, কখন সোমেশ্বরীর স্রোতে তাদের বাড়ি ঘর নদীগর্ভে চলে যায়। এ দুশ্চিন্তায় আতঙ্কে তাদের রাত কাটে। কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হোসেন তুতু বলেন, এই ইউনিয়নের বাড়িঘর, দোকান এবং সড়ক রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, অর্থ বরাদ্দ না থাকায় ডাকুমারা সড়ক রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় এমপি মোস্তাক আহমেদ রুহী জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।