ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন খুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবুজ মিয়া (১৬) নামের এক হোসিয়ারী শ্রমিক খুন হয়েছে। শুক্রবার সকাল ৮টায় ফতুল্লার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ রঘুনাথপুর এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোকতার হোসেনের ছেলে। সবুজ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি হোসিয়ারী কারখানার শ্রমিক। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই সোহেল আলম জানান, হোসিয়ারীতে কাজ শেষ করে শুক্রবার সকাল ৮টায় বাড়ি ফিরছিল সবুজ। ছিনতাইকারীরা ধারালো ছুরির ভয় দেখিয়ে সবুজের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও পরে সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল লুটে নেয়। গুরুতর আহত সবুজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।