রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী নিহত

রাজধানীর ডেমরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ সবুজ (১৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। অপর ঘটনায় কদমতলীতে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত সবুজের বড় ভাই শফিউর রহমান জানান, রাতে শিফটের ডিউটি শেষে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার পথে রগুনাথপুরে চিহ্নিত ছিনতাইকারী হীরাসহ কয়েক যুবক তার গতিরোধ করে। হীরার সঙ্গে সবুজের বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সবুজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সবুজ মারা যায়। নিহতের বুক ও পেটসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অপর ঘটনায় শ্যামপুর লাল মসজিদের সামনে কাপড় ব্যবসায়ী শহিদুল ইসলামকে ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুলের ছোট ভাই আবদুর রব জানান, তার ভাই ব্যবসায়িক কাজে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের পাগলা থেকে ফিরছিলেন। পথে লাল মসজিদের সামনে ৪-৫ ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। রাতেই তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শহিদুলের বাবার নাম সোবের আলী। তিনি সবুজবাগের বাসাবোতে সপরিবারে ভাড়া থাকেন।