ইসলামকে বিপদে ফেলেছে
হেফাজত ও জামায়াত
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:২৬
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অপপ্রচার চালানো হচ্ছে যে ইসলাম বিপদে পড়েছে। আসলে ইসলাম বিপদে পড়তে পারে না। ইসলাম ইসলামের জায়গায় আছে। ইসলামকে বিপদে ফেলেছে আহমেদ শফি, জামায়াতে ইসলাম ও হেফাজত। তিনি বলেন, আহমেদ শফি নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। নারীদের অপমান করায় তার গ্রেফতার হওয়া উচিত।
মন্ত্রী গতকাল শুক্রবার বিকালে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ জেলা শাখা আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অ্যাডভোকেট আব্দুর রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, জাসদ নেত্রী শিরিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, ডাঃ মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট আব্দুল হাই, আহমেদ কবির খোকন, ফাতেমা আক্তার প্রমুখ।
হাসানুল হক ইনু আরো বলেন, খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে খালেদা জিয়াকে মুখ খুলতে হবে। ঈদের পর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।