বাংলাদেশসহ ১৪ দেশে কাল সব মার্কিন মিশন বন্ধ

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার হামলার আশঙ্কায় বাংলাদেশসহ ১৪টি দেশে আগামীকাল রবিবার দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশ। গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র মারি হার্ফ বলেন, ৪ আগস্ট কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ থাকবে। নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার পর প্রয়োজনে এই বন্ধের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। তবে কোন হুমকির কারণে এসব মিশন বন্ধ করা হচ্ছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর আল-কায়েদার হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দাদের আগাম তথ্যের ভিত্তিতে এসব দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঠিক কোন্ কোন্ দেশে এ সম্ভাব্য হামলা হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কোন তথ্য নেই। বাহরাইন, ইসরাইল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, ইরাক, মিসর, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ—এই ১৪টি দেশের ক্ষেত্রে অনির্ধারিত বন্ধ রাখার নির্দেশ প্রযোজ্য হবে। বিশ্বের অন্যান্য অংশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো রবিবার বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে খোলা থাকে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যেসব দূতাবাস ও কনস্যুলেট সাধারণভাবে খোলা থাকার কথা ছিল, সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের দাবি, এটি তুচ্ছ কোন হুমকি নয়। প্রকৃতপক্ষে এ হুমকির ভিত্তি আছে। তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য না থাকার কথাও তারা স্বীকার করেছেন। দূতাবাস বন্ধ থাকার কারণে ভিসার আবেদনকারী ও অন্যান্য সেবা গ্রহণকারী ব্যক্তিদের জন্য আলাদা দিন নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্য শুধু মার্কিন দূতাবাস নয়, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রও লক্ষ্যবস্তু হতে পারে। গত বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দূতাবাস ও কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট এডভাইজিং অফিসসহ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সকল দপ্তর বন্ধ রাখার কথা জানানো হয়। এ ঘোষণায় বন্ধের কোন কারণ উল্লেখ করা হয়নি, যা ব্যতিক্রমী ঘটনা। গত বছরের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রদূতসহ চার মার্কিনি নিহত হন। পাশাপাশি বিশ্বের অন্যান্য বেশ কয়েকটি দেশের দূতাবাসে হামলাও চালানো হয়। এর পর থেকে মার্কিন কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন।