বরিশালের পথে বিমান লঞ্চ বে-ক্রুজ

বরিশাল-ঢাকা রুটে যাত্রী চাপ সামলাতে আকাশপথে বিমান সার্ভিস ও নৌপথে আধুনিক লঞ্চের পাশাপাশি গতকাল থেকে যাত্রী পরিবহনে বে-ক্রুজ পুনরায় যাত্রা শুরু করেছে। প্রায় দু’ মাস বন্ধ থাকার পর বে-ক্রুজ সার্ভিস পুনরায় চালু হওয়ায় যাত্রীদের জিম্মিদশা কিছুটা কমবে। বে-ক্রুজ কর্তৃপক্ষ জানান, ৫ আগস্ট থেকে বে-ক্রুজ বরিশাল-ঢাকা রুটে ডে-সার্ভিসে যুক্ত হচ্ছে। ঘণ্টায় ২৮ নটিক্যাল মাইল বা ৬০ কিলোমিটার গতিসম্পন্ন এ নৌযানে আসন সংখ্যা ২৫২টি। কৃষ্ণচূড়া, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে এর আসন বিন্যাস করা হয়েছে। দ্বিতল বিশিষ্ট বে-ক্রুজের দ্বিতীয় তলায় রয়েছে ‘কৃষ্ণচূড়া’। এর ভাড়া ঈদ উপলক্ষে ৮শ’ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নিচতলায় হাসনাহেনার এক হাজার থেকে বাড়িয়ে ১২শ’ টাকা ও রজনীগন্ধার ভাড়া ১২শ’ টাকা থেকে বাড়িয়ে ১৪শ’ টাকা করা হয়েছে। যাত্রী চাহিদা অনুযায়ী বিমানের ফ্লাইটও ২ দিনের পরিবর্তে সপ্তাহে ৪ দিন করা হয়েছে। শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার ৩৭ আসনের ইউনাইটেড এয়ারের বিমান চলাচল করবে। ইউনাইটেড এয়ার ওয়েজের ইনচার্জ রিয়াদ হোসেন ‘ইত্তেফাক’কে জানান, ঈদ উপলক্ষে কোম্পানি ভাড়া বৃদ্ধি করলেও যাত্রীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ঈদের পূর্ব ও পরের বিমানের টিকেট বিক্রি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেসরকারি অত্যাধুনিক একাধিক লঞ্চের পাশাপাশি ঈদ সার্ভিসে বিমান ও বে-ক্রুজ সার্ভিস যুক্ত হওয়ায় সড়কপথে বাস কাউন্টারে ভীড় কমেছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় বাস টার্মিনালে সাকুরা পরিবহন ও ঈগল পরিবহনের সুপারভাইজাররা জানান গত ঈদের চেয়ে এবার বাসে যাত্রীদের চাপ কম। ৭ বছর পর চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা-বরিশাল আকাশপথে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারওয়েজ ফ্লাইট চালু করে। একইসময় নৌপথে বেসরকারি কোম্পানি বে-ক্রুজার ডে সার্ভিস চালু করা হয়। বিমান ও বে-ক্রুজ চালু হবার পর এখানকার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।