নেতাদের মতবিরোধ
চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:৪০
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে গত এক সপ্তাহ ধরে জ্বালাও-পোড়াও, ভাংচুর, বিক্ষোভ চললেও কমিটির বিরোধিতাকারী মূল নেতারা প্রকাশ্যে আসছেন না। কমিটির পক্ষে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত্ হোসেন সভা-সমাবেশ করলেও বিপক্ষ গ্রুপের কোন নেতৃবৃন্দ মুখ খুলছেন না। নগর বিএনপির বিবদমান গ্রুপসমূহের একাধিক নেতৃবৃন্দ দলীয় অফিস ভাংচুর ও অগ্নিসংযোগে সহযোগিতা ও ইন্ধন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক এ ব্যাপারে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেছেন। কিন্তু তাদের পক্ষ থেকে এর কোন প্রতিবাদ আসেনি।
জানা যায়, নগর ছাত্রদলের কমিটি গঠনের ব্যাপারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবহিত থাকার কারণে নগর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের কেউ এর প্রকাশ্যে বিরোধিতা করতে সাহস পাচ্ছেন না। সমপ্রতি ঘোষিত এ কমিটিতে গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সমর্থক হিসাবে পরিচিত। মূলত এ কারণেই বিএনপির অনেকে তা স্বাভাবিকভাবে নিচ্ছে না বলে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেকের অভিমত। নগর বিএনপির সভাপতিসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সমর্থিত ও পছন্দের ছাত্র নেতৃবৃন্দ এ কমিটিতে থাকলেও সাধারণ সম্পাদকের পক্ষের অবস্থান সুদৃঢ় হওয়ায় এ বিরোধ দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
তাছাড়া আগামী সংসদ নির্বাচন নিয়েও ইতিমধ্যে চট্টগ্রামে বিএনপির নেতাদের মধ্যে জোর লবিং, তদ্বির ও প্রচারণা শুরু হয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে নগর বিএনপিসহ অঙ্গ সংগঠনসমূহ মোটামুটি নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্নমুখী প্রচেষ্টা চালানো হচ্ছে।
নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ২ জন সহ-সভাপতি নিয়ে কমিটি গঠনের প্রায় তিন বছর পরও পূর্ণাঙ্গ কমিটি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। একইভাবে গত বছর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সদস্যের যুবদল কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কমিটি এখনও হয়নি। সর্বশেষ ১১ সদস্যের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি কবে সম্পন্ন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। মূলত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কোন্দল গ্রুপিং-এর কারণে দীর্ঘদিন ধরে এ সকল কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না বলে একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন। অনেকের অভিযোগ, চট্টগ্রামে শীর্ষ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ থাকার কারণে তা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। বিভিন্ন অঙ্গ সংগঠনেও এর প্রভাব পড়েছে। তবে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিগগির নগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে এবং পদবঞ্চিতরা অবশ্যই তাতে স্থান পাবেন।