ঢাকার কূটনৈতিক এলাকায় জোরদার নিরাপত্তা
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ২২:৪০
জঙ্গি হামলার আশংকায় রাজধানী ঢাকায় আমেরিকান দূতাবাস ও কূটনৈতিক এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে চেকপোস্ট। কারো গতিবিধি সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ ও শরীর তল্লাশি করা হচ্ছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার হামলার আশংকায় নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। হামলার আশংকায় আগামীকাল রবিবার বাংলাদেশসহ ১৪টি দেশে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গুলশান থানার ওসি রফিকুল হক জানিয়েছেন, বারিধারাস্থ আমেরিকান দূতাবাস ও তার আশেপাশের এলাকায় সর্বাধিক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের বাসভবনেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আগে থেকেই কূটনৈতিক এলাকায় বিশেষভাবে নিরাপত্তাব্যবস্থা বলবত্ রয়েছে, সেটাকে আরও বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। একইভাবে র্যাবের টহলও বাড়ানো হয়েছে। র্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, কূটনৈতিক এলাকায় র্যাবের নিয়মিত টহল রয়েছে। হামলার আশংকায় ঐ এলাকায় র্যাবের টহল আরো জোরদার করা হয়েছে।