৯ বছরে আজকের সংবাদপত্র
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২০:৪৩
দেশে-দেশের বাইরের কাছে এই অনুষ্ঠানটি প্রথম সংবাদ পৌছে দেবার অন্যতম মাধ্যম হয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু বলার নেই আজ।
হরেক টকশোর ভিড় ছাপিয়ে দর্শক টেলিভিশনের নব চেপে হাজির হন পর্দার সামনে কোন অনুষ্ঠানে—এমন প্রশ্নে সকল মতামত জরিপ, দর্শক ভোট, এসএমএস জরিপ—সব মাধ্যমেই শীর্ষে ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’। ২০০৫-এর ৬ আগস্ট শুরু হওয়া সরাসরি প্রচার চলতি এ অনুষ্ঠানটি ইতোমধ্যে অর্জন করেছে ব্যাপক দর্শকপ্রিয়তা। দিনের প্রকাশিত পত্রিকার প্রথম সংস্করণের কপি নিয়ে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজন ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’ ঘুম কেড়ে নেয় অগণিত দর্শকের। রাতের আয়োজনে দেশে তো বটেই, দেশের বাইরের প্রবাসী দর্শকরা অনেক আগে পত্রিকা না পেয়েও জেনে যাচ্ছেন দিনের আলোচিত ঘটনাবলি ও প্রকাশিত সংবাদের বিশ্লেষণ। গ্রামীণফোনের সহযোগিতায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গ্রামীণফোন আজকের সংবাদপত্র’ প্রতিদিন রাত ১২টা ১ মিনিটে শুরু হয়ে চলে ১২টা ১৫ মিনিট পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার হয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাজল ঘোষ। দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর গ্রন্থনা ও উপস্থাপনায় দেশের এই মৌলিক আইডিয়ার অনুষ্ঠানকে নকল করে এখন প্রায় সকল টিভি চ্যানেলই অনুষ্ঠান প্রচার করছে। অনুষ্ঠানের আদর্শগত দিক হিসেবে সফলতার সাথে ৯ বছরে পদার্পণ প্রসঙ্গে সঞ্চালক বলেন, ‘আমার কাছে এটা এখন জীবনের রুটিন হয়ে গেছে। দেশে অবস্থান করলে আমি এই অনুষ্ঠানে থাকবই। সাগর ভাইয়ের সাথে গল্পচ্ছলে যে আইডিয়াটার জন্ম হলো তা আজ এতদিন পর অনন্য এক অনুষ্ঠানে রূপ নিয়েছে। এটুকু ভাবলেই ভালো লাগে। দেশে-দেশের বাইরের কাছে এই অনুষ্ঠানটি প্রথম সংবাদ পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া অন্য কিছু বলার নেই আজ।’