ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’

স্টার সিনেপ্লেক্সের এবারের ঈদের ছবির অন্যতম আকর্ষণ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’। দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে হলিউড ব্লকবাস্টার এই ছবি মুক্তি দিচ্ছে তারা। গত ২৪ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এই ছবি শুরুতেই বাজিমাত করেছে। মুক্তির প্রথম সপ্তাহে এর আয় হয়েছে ১২০ মিলিয়ন ডলার। যা মেমোরিয়াল ডে’তে মুক্তিপ্রাপ্ত ছবির ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয়। নামের সঙ্গে মিল রেখেই বাড়ছে এর সাফল্য আর আয়ের গতি। কোনো ফ্রাঞ্চাইজি সিরিজের ষষ্ঠ ছবিতে এমন সাফল্য অবাক করেছে কলাকুশলীসহ সবাইকে। ছবির তারকা জর্ডানা ব্রুস্টারের ভাষায়, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না কী ঘটল!’ শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ৫৯টি আন্তর্জাতিক বাজারেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ টপচার্টের শীর্ষে জায়গা করে নেয়। খুব সহসা যে ছবিটির সাফল্যের গতি কমবে না, এমনটাই মনে করছেন হলিউড বিশ্লেষকরা। পরিচালক জাস্টিন লিন, যিনি ‘টোকিও ড্রিফট’ থেকে এই ছবি পর্যন্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি মনে করেন, বিষয়টা যদি এতটা সহজ হতো তাহলে সবাই এমন ছবি বানাত। আর এই সিরিজ এক নতুন মাইলফলক গড়বে বলেই তিনি মনে করেন। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’-এর শুরুতে ডমিনিককে ফেডারেল এজেন্ট হবস এক প্রস্তাব দেয়। যদি ডমিনিক একটি সংঘবদ্ধ ক্রিমিনাল চক্রের বিরুদ্ধে হবসকে সহায়তা করে, তাহলে তাদের আগের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে। ডমিনিক প্রথমে রাজি না হলেও যখন দেখে লেটি তার সাবেক প্রেমিকা যাকে সে মৃত ভেবেছিল, সে এই চক্রের সদস্য, তখন ডমিনিক রাজি হয়। আর বাকি গল্পটা? তা তো চলচ্চিত্রটির নামের মধ্যেই লুকিয়ে আছে। এক কথায় অবিশ্বাস্য রুদ্ধশ্বাস এক উপাখ্যান।