ভিভ রিচার্ডসের সাথে খেলতে না পারাটা হতাশার : টেন্ডুলকার

প্রায় ২৪ বছর ধরে ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন ভারতের মাস্টার­ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সুদীর্ঘ এই সময়ে বিশ্ব ক্রিকেটের অনেক তারকার সাথে খেলেছেন তিনি। তবে দু:খজনক হলেও সত্যি তাদের মধ্যে ছিলেন না টেন্ডুলকারের আশৈশব নায়ক ভিভ রিচার্ডস। আর এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির সাথে খেলতে না পারার দুঃখটা এখনো পোড়ায় তাকে। অতীত স্মৃতিচারণ করতে গিয়ে গতকাল টেন্ডুলকার নিজেই জানালেন এ তথ্য। ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ আসর। আর ঐ আসরটি যৌথভাবে আয়োজন করেছিল ভারত ও পাকিস্তান। ভারতে যেই কয়টি ম্যাচ হয়েছিল তার মধ্যে কিছু খেলায় ‘বলবয়’ হিসেবে মাঠে ছিলেন টেন্ডুলকার। তাই তখনই হয়তো মনে মনে শপথ করে ফেলেছিলেন পরবর্তী বিশ্বকাপে দলের সঙ্গী হবেন তিনি। কারণ পরবর্তী বিশ্বকাপেই দলের অন্যতম বড় ভরসার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেন লিটল মাস্টার। রেকর্ড ছয় বিশ্বকাপের প্রথমটি টেন্ডুলকার খেলেন ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের তিন বছর পর ভারতের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ খেলে ফেলেন টেন্ডুলকার। সেই স্মৃতি এখনও আনন্দ দেয় লিটল মাস্টারকে। তেমনটাই জানালেন তিনি, ‘১৯৮৭ সালে সেই স্মৃতি এখনও টাটকা আছে আমার মনে। আমি ঐ বিশ্বকাপে ‘বলবয়’ ছিলাম। আর পরের বিশ্বকাপেই দলের সদস্য হয়ে সবগুলো ম্যাচ খেলি আমি। সিডনিতে দলের সাথে গ্রুপ ছবিও তুলি। এছাড়া ডার্লিং হারবারে ডিনারও করি। দুর্দান্ত সব খেলোয়াড়ের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করাটাও ছিল অন্যরকম আনন্দের। আসলে সবকিছুই ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।’ শুধু তাই নয়, বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে টেন্ডুলকার খেলেছেন খেলাটির সর্বকালের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গেও। আর তাদের তালিকাটাও একদমই ছোট নয়। কে নেই সেই তালিকায় ছিলেন- ইয়ান বোথাম, গ্রাহাম গুচ, কেপলার ওয়েসেলস, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ডেসমন্ড হেইন্স, রিচি রিচার্ডসন, ম্যালকম মার্শাল, কাটলি অ্যামব্রোস! আর তাদের সাথে খেলার অভিজ্ঞতা তাকে বহুলাংশে সমৃদ্ধ করেছে জানিয়ে তিনি বলেন, ‘নব্বই দশকে অনেক ভালো-ভালো ক্রিকেটার ছিল। ঐ সময় অলরাউন্ডারদের দাপটটা ছিল চোখে পড়ার মত। রিচার্ড হ্যাডলি, কপিল দেব, ইমরান খান ও ইয়ান বোথাম ছাড়া আরও অনেক গ্রেট খেলোয়াড় ছিলেন। ঐ সময়কার খেলোয়াড়দের সাথে খেলতে পারাটা সৌভাগ্যের। তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি। যা আমাকে পরবর্তীতে দার+ুণ সহায়তা করেছে।’ তবে এত এত তারকার ভীড়েও টেন্ডুলকারের চোখ সর্বদাই খুঁজে ফিরতো শৈশবের নায়ক রিচার্ডসকে। তাই বহু তারকার সমীহ আর শ্রদ্ধা অর্জনের পরও নিজেকে পরিপূর্ণ ভাবতে পারছেন না তিনি। কারণ, রিচার্ডসের বিরুদ্ধে যে কখনোই মাঠে নামা হয়নি তার! সেঞ্চুরির পর সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড়টি বলেন, ‘ভিভ রিচার্ডস আমার হিরো (এখনো)। তবে হতাশার বিষয় হলো রিচার্ডসের সাথে খেলতে পারিনি আমি। আমি যখন ভারতীয় দলের সদস্য হলাম তখন ক্যারিবিয় দলে ছিলেন না রিচার্ডস। তাই তার সাথে আমার খেলা হয়নি। এটা খুবই হাতাশার।’ বাসস।