সেমিফাইনালে দেল পোত্রোর প্রতিপক্ষ হাস

আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো ওয়াশিংটনে চলমান এটিপি এন্ড ডব্লিউটিএ ওপেনের সেমিফাইনালে পা রেখেছেন। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই পোত্রো গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার সপ্তম বাছাই কেভিন এন্ডারসনকে ৭-৬ (৭-০), ৬-৩ গেমে পরাজিত করেন। ফাইনালে উঠতে হলে শেষ চারে তাকে টপকাতে হবে তৃতীয় বাছাই টমি হাসের বাধা। উইম্বলডনের সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের কাছে হারের পর দেল পোত্রোর জন্য এটাই ছিল প্রথম এটিপি টুর্নামেন্ট। তবে কোর্টে তার পারফরম্যান্সই প্রমাণ করে দেয় এই কয়েকদিনের বিরতি তার খেলায় মোটেই প্রভাব ফেলতে পারেনি। এই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন পোত্রোর সামনে দাঁড়াতেই পারেননি অ্যান্ডারসন। ফলে মাত্র দুই সেটেই জয় তুলে নেন এই ২০০৯ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন পোত্রো। তবে সেমিফাইনালের লড়াইটা হয়তো এতটা একপেশে হবে না। কারণ সেখানে পোত্রোকে লড়তে হবে ৩৫ বছর বয়সী হাসের সঙ্গে। তবে দুজনের অতীত লড়াইয়ের পরিসংখ্যান কথা বলছে পোত্রোর পক্ষেই। এটিপি টুর্নামেন্টে এ পর্যন্ত চারবার এই জার্মানের মুখোমুখি হয়ে তিনি জয় পেয়েছেন চারবারই। সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসের শেষ ষোলোর লড়াইয়েও হাসের বিরুদ্ধে জয় পান পোত্রো। তবে আজকের লড়াইটা এতটা সহজ হবে না বলেই মনে করছেন তিনি। তারকাটি বলেন, ‘আরেকটি ফাইনালে পৌঁছাতে পারাটা সত্যিই ভাল সুযোগ। কিন্তু তার আগে আমাকে অবশ্যই দারুণ একজন খেলোয়াড়ের মোকাবেলা করতে হবে। হাস এই মৌসুমে দুর্দান্ত টেনিস খেলেছে এবং তার অভিজ্ঞতাও অনেক। আমি চেষ্টা করবো আজকের মত অথবা আরো ভাল খেলার জন্য।’ সেমিফাইনাল প্রতিপক্ষের মতো অবশ্য এত সহজে এদিন জয় পাননি হাস। দুর্দান্ত এক লড়াই শেষে এই জার্মান বুলগেরিয়ার ১১তম বাছাই গ্রিগর দিমিত্রভকে ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেন। এদিকে ১.৭৬ মিলিয়ন ডলারের এই হার্ডকোর্ট টুর্নামেন্টের অপর সেমিফাইনালে উঠেছেন অস্টম বাছাই এবং গত সপ্তাহে আটলান্টায় ক্যারিয়ারের সপ্তম শিরোপা দখল করা জন ইসনার। ১৮টি এসের সাহায্যে ইসনার সাইপ্রাসের মার্কোস বাগদাতিসকে ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন। শেষ চারে তার প্রতিপক্ষ রাশিয়ার দিমিত্রি টুরসনভ। ক্যারিয়ারে প্রথমবারের মত কোন এটিপি টুর্নামেন্টে ইসনারের মুখোমুখি হওয়া টুরসনভ অস্ট্রেলিয়ার মারিনকো মাটোসেভিচকে ৬-৩, ৪-৬, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে সেমিফাইনালের টিকেট কাটেন। মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই জার্মানীর এ্যাঞ্জেলিক কারবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্লোভাকিয়ার সপ্তম বাছাই ম্যাগডালেনা রাবারিকোভার কাছে ৭-৬ (৭/০), ৩-৬, ৬-৩ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। অপর কোয়ার্টার ফাইনালে জার্মানীর আন্দ্রে পেটকোভিচ ৪-৬, ৬-১, ৬-৩ গেমে আর্জেন্টিনার পলা ওরমাচিকে, ফ্রান্সের চতুর্থ বাছাই এলিজ করনেট ৭-৬ (৭/৫), ৬-২ গেমে রোমানিয়ার পঞ্চম বাছাই সোরানা ক্রিস্টিকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছেন।