রিয়ালের পথে বেল?

তাহলে কি এতোদিনের গুজবটাই সত্য হতে চলেছে? এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্বীকারও করে নিয়েছিলেন বেলকে নিয়ে তাদের আলোচনার কথা। অবশেষে সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে গাঁটবদ্ধ হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৬ গোল করে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া তারকা খেলোয়াড় বেল। রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়েই টটেনহ্যাম হটস্পার ছেড়ে স্পেনে পাড়ি জমাচ্ছেন তিনি। না এখনও চুক্তির ব্যাপারে কোন আনুষ্ঠানিকতা হয়নি। কিন্তু, ব্রিটিশ পত্রিকা দ্য সান অনেকটা নিশ্চিত হয়েই জানিয়ে দিচ্ছে বেলের গন্তব্য রিয়াল মাদ্রিদ। আর আলোচনায় বসতে যাচ্ছে দুই ক্লাবের সভাপতি। রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্তিনা পেরেজ ও টটেনহ্যামের ড্যানিয়েল লেভি যুক্তরাষ্ট্রে আলোচনায় বসতে যাচ্ছেন। এদিকে বেলকে ছাড়াই শনিবার মৌসুম-পূর্ব প্রদর্শনী ম্যাচে মোনাকোর মুখোমুখি হতে হচ্ছে টোটেনহ্যামকে। ইনজুরির কারণেই এমনি ঘটছে। শুক্রবার লন্ডনে ‘একটি আবেগময় বিদায় সংবর্ধনা’ দিয়েছে সতীর্থ খেলোয়াড়রা। দি সানের রিপোর্টে বলা হয়েছে যে, মন্টে কার্লোর উদ্দেশ্যে যাত্রা করার আগে সতীর্থদের টি শার্টে অটোগ্রাফও দিয়েছেন ওয়েলসের ওই সুপার স্টার। যদিও হ্যামস্ট্রিং চোটের কারণে শনিবারের ম্যাচটি ছাড়াও আগামী ১৪ আগস্ট কার্ডিফে অনুষ্ঠিতব্য কার্ডিফ বনাম আয়ারল্যান্ডের প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারছেন না বেল। এখন বেলকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হচ্ছে। এরই ফাঁকে আগামী সপ্তাহে মিয়ামিতে তার দলবদল বিষয়ে মুখোমুখি বৈঠকে বসবেন টোটেনহ্যাম চেয়ারম্যান ডেনিয়েল লেভি ও রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ ফ্লোরেন্টিনো পেরেজ। সম্ভবত দিনটি হবে বুধবার। মৌসুম -পূর্ব অনুশীলনের জন্য বর্তমানে ফ্লোরিডায় রয়েছে রিয়াল মাদ্রিদ। সেখানেই রয়েছে লেভির হলিডে হোম। আগামী ১৮ আগস্ট রিয়াল বেতিসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেই বার্নাব্যুতে বেলকে দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। সবার ধারণা ২৪ বছর বয়সি এই তারকার দলবদলের বিপরীতে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হবে। সর্বশেষ বিশ্ব রেকর্ডটি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলভুক্ত করার সময়। ২০০৯ সালে ৯ কোটি ৪০ লাখ ইউরোর বিনিময়ে ওই দলবদল সম্পন্ন হয়েছিল। দলবদল ফি বাবদ লেভি ১০ কোটি ৫০ লাখ ইউরো দাবি করছে বলে জানা গেছে। তবে রিয়াল চাইছে চুক্তিটি ৮ কোটি ৫০ লাখের মধ্যেই রেখে দিতে। এদিকে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার শুক্রবার অভিযোগ করেছেন যে, বেলকে পেতে ওই বিপুল অর্থের প্রস্তাবটি উয়েফার ফিন্যান্সিয়াল নিয়মকে উপহাস করেছে। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণই অনিয়ম। যে কোন বড় দলের জন্যই খেলোয়াড় হারানোটা ভাল নয়। আর সে যদি ব্রিটিশ কোন খেলোয়াড় হন, তাহলে আমি বলবো ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলা উচিত।’