জয় দিয়ে সিরিজ শুরু অনূর্ধ্ব ১৯ দলের

জয় দিয়েই ইংল্যান্ড সফর শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গত শুক্রবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে তারা হারিয়েছে ইংল্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনূর্ধ্ব ১৭ দলকে। ব্রোকিংটন পিচে টসে জিতে ব্যাট করতে নেমে ইডিপি অনূর্ধ্ব ১৭ দল ৪৯.৫ ওভারে ২০৪ রান করে অল আউট হয়। বাম হাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ২৯ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। ইংলিশ দলটির হাসিব হামিদ ৬৬, কেইরান স্মিথ ৫০ ও অনেরিন ডোনাল্ড ৪০ রান করেন। জবাবে ২১ ওভারের মধ্যে মাত্র ৭৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। এরপর জুটি বাঁধেন জসিম উদ্দিন ও নাজমুল হোসেন। তাদের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে সফরকারীরা। ৪২ ওভারে পাঁচ উইকেটে ১৮৭ রান করার পরই বৃষ্টি নামে। বৃষ্টি আইনে বিজয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। জসিম ৫৪ আর নাজমুল ৪১ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড ও পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সাথে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। আগামী পাঁচ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করছে তারা।