হুইল চেয়ার পেয়েছে প্রতিবন্ধী সাগর
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৩
দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় সাড়া মিলেছে ভাগ্য বিড়ম্বিত শারীরিক প্রতিবন্ধী সাগরের মানবিক আবেদনে। এগিয়ে এসেছে একাধিক সুহূদয় ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ ‘শেকড়’ নাগেশ্বরী কার্যালয়ে পৌর মেয়র আব্দুর রহমান মিয়া সাগরকে প্রদান করেন আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ বেলায়েত হোসেন ও এপেক্স গ্রুপ অব গোবিন্দগঞ্জ-এর দেয়া দুইটি হুইল চেয়ার ও নগদ টাকা। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জি আর এম মোকছেদুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের মহাসচিব এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ প্রেসিডেন্ট কৃষ্ণ কুমার চাকী, বাবু লাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, মনোয়ার হোসেন রাজু, সুকুমার সাহা, আনোয়ার হোসেন, সুজন সাহা, ইত্তেফাক গোবিন্দগঞ্জ সংবাদদাতা গোপাল মোহন্ত প্রমুখ।
হুইল চেয়ার পেয়ে আবেগ আপ্লুত সাগর বলেন, ভাগ্য বিড়ম্বনায় আজ আমি শারীরিক প্রতিবন্ধী। দু’পা, বামহাত ও বাম চোখ হারিয়ে অন্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল। সামর্থ্য না থাকায় একটি হুইল চেয়ার পাবার আশায় অনেক জায়গায় ঘুরে ফিরে এসেছি খালি হাতে। আপনারা হুইল চেয়ার দেয়ায় সে কষ্ট কমে গেলেও জীবন চলবে কিভাবে এই চিন্তা ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, কুড়িগ্রামের রাজারহাটের তালতলা গ্রামের দিনমজুর অনন্ত রায়ের ছেলে সাগর ৩ বছর আগে রাজারহাট হাসপাতালের নতুন ভবনের ছাদে খেলতে গিয়ে এর উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাত লাগায় আটকে যায়। তাত্ক্ষণিক বিদ্যুত্ চলে যাওয়ায় প্রাণে বেঁচে গেলেও কেটে ফেলতে হয় তার দুই পা, বামহাত। নষ্ট হয়ে যায় বাম চোখ। ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণ শরীর।