নেত্রকোনায় সড়ক সংস্কার কাজের অগ্রগতি নেই

নেত্রকোনার পূর্বধলা উপজেলা, নেত্রকোনা সদর এবং কেন্দুয়ার রামপুর পর্যন্ত হাইওয়ে সড়কটির সংস্কার কাজ ঈদের পূর্বে শেষ করার নির্দেশ থাকলেও পুরো কাজের ১০ ভাগ শেষ হয় নাই। ফলে এবারের ঈদেও এই তিন উপজেলার জনসাধারণের দুর্ভোগ শেষ হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে এমপি প্রার্থীরা এই সড়কটি সংস্কারের ঘোষণা দেন। ২ বছর পূর্বে প্রথমে কাজ পেয়েও ঠিকাদার কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়। এবার মাস তিনেক পূর্বে আবার নতুন করে টেন্ডার দেয়া হয় এবং একই ঠিকাদার কাজ পান। তিনি কাজ ধরলেও কাজের কোন গতি নেই। এই কাজ যে কবে শেষ হবে তা কেউ বলতে পারে না। ঠিকাদারের লোকজন জানান, ২ মাস পূর্বে টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও এখন পর্যন্ত কার্যাদেশ দেয়া হয়নি। এই কাজের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা বাড়ছে। সওজ-এর নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, টেন্ডার প্রক্রিয়ার পর কার্যাদেশ প্রদান করা হয়েছে। সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রদান করা হয়েছে।