মাদকমুক্ত সমাজ গড়তে সাইকেলে দেশ ভ্রমণ
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৪
‘মাদক মুক্ত সমাজ চাই’ এমন শ্লোগান নিয়ে পাবনার তরুণ রাম প্রসাদ মালাকার সাইকেলে (বাংলাদেশ) দেশের ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছেন। পাবনা সদর উপজেলার এই তরুণ ৩ জুলাই নিজ বাড়ি থেকে ভ্রমণে বের হন। ইতিমধ্যে তিনি নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা হয়ে পটুয়াখালী জেলাসহ ২৮টি জেলা ভ্রমণ শেষ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌর শহরে এসে তিনি যাত্রা বিরতি করেন। প্রকৃতির অপরূপ শোভা মণ্ডিত সমুদ্র সৈকত কুয়াকাটা দর্শন করা তার উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমাদের মত তরুণরা আজ মাদকে আসক্ত। মাদকের ছোবলে অনেক তরুণের বাবা-মায়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। নতুন করে কোন তরুণ যাতে মাদকাসক্ত না হয়, সে জন্য সচেতন করে তুলতে আমি দেশ ভ্রমণে বের হয়েছি।’ রাম প্রসাদ মালাকার এ বছর পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছে। তার বাবা নারায়ণ চন্দ্র মালাকার পাবনা শহরের একজন ব্যবসায়ী।