সুন্দরবনে বনদস্যু সবুজ ও আজাহার বাহিনীর লড়াই

সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল বনদস্যুর মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। লড়াইয়ে পরাস্থ দস্যু বাহিনীর কাছ থেকে অস্ত্র-গুলি লুটে নিয়েছে বিজয়ী বাহিনী। আর পরাজিত দস্যুদের মারধর করে বনের গহীনে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বনবিভাগ ও জেলে-মহাজন সূত্র জানায়, সুন্দরবনের চাদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে বনদস্যু সবুজ বাহিনী ও আজাহার বাহিনীর মধ্যে লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে সবুজ বাহিনী শক্তিশালী আজাহার বাহিনীর কাছে পরাস্থ হয়। এ সময় আজাহার বাহিনীর সদস্যরা সবুজ বাহিনীর কাছে থাকা ৮টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুটে নেয়। এছাড়া বাহিনী প্রধান সবুজসহ ওই বাহিনীর ৮ দস্যুকে বনের গহীনে গাছের সাথে বেঁধে রেখে দস্যু আজাহার বাহিনী ঘটনাস্থল ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে আজাহার বাহিনীর দলে ২৬ জন সদস্য ও ২২টি অস্ত্র রয়ছে। এ দুই বাহিনী চাদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় দস্যুতা করে আসছিল। আধিপত্যকে কেন্দ্র করে একদল অন্য দলের শত্রু হয়ে পড়লে শুক্রবার সকালে চরাপুটিয়ার গহীন বনে এ ঘটনা ঘটে। সবুজ বাহিনী খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী, আর আজাহার বাহিনী কয়রা এলাকার দস্যুদের নিয়ে দল গঠন করে দস্যুতা শুরু করে। সুন্দরবনে ছোট ছোট দস্যু বাহিনীর গুলোর মধ্যে প্রায় এমন ঘটনা ঘটছে।