বেগমগঞ্জ বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৫
বেগমগঞ্জের আমিনবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে বিএনপি দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়, ভাংচুর, সংঘর্ষে ৫ জন আহত ও বেশ কয়েকটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। শনিবারেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনবাজার এলাকায় আধিপত্য বিস্তাকে কেন্দ্র করে একাধিক খুনের মামলার আসামি ক্যাডার হারুন গ্রুপের সাথে কালা কবির গ্রুপের সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে আমিনবাজারের ১০/১২টি দোকান ভাংচুর করে। গুলিতে আহত হয় কবির ও মইন। দায়ের কোপে আহত হয় হারুন। গভীর রাতে হারুন গ্রুপ কিরণ নামে অপর ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। শনিবারেও দুই গ্রুপের ক্যাডাররা প্রতিপক্ষের সদস্যদেরকে টার্গেট করে পাহারা দিচ্ছে। এতে এলাকাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার সময় ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানেও দু’টি মোবাইল টিম এলাকায় টহলে রাখা হয়েছে।