রামগড়ে কর্মকর্তাদের আটক করে গ্রাহকের টাকা উদ্ধার
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:২৬
রামগড়ে মাল্টিভিশন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি: নামে একটি এমএলএম কোম্পানীর তিন কর্মকর্তাকে তিনদিন আটকিয়ে রেখে সঞ্চয়ের টাকা উদ্ধার করেছে আমানতকারীরা। গত বুধবাররাতে রামগড় শাখা অফিসে স্থানীয় এক পৌর কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আমানতকারীদের টাকা ফেরত দিয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন সবুজ, পরিচালক (উন্নয়ন) নাসির উদ্দিন ও ফেনী শাখা অফিসের কর্মকর্তা ইসমাঈল হোসেন মিলনকে ছেড়ে দেয়া হয়। গত মঙ্গলবার রামগড় শাখা অফিসের এক ইফতার অনুষ্ঠানে এসে ঐ তিন কর্মকর্তা বিক্ষুব্ধ আমানতকারী ও প্রতিষ্ঠানটির স্থানীয় মাঠকর্মীদের হাতে আটক হন। রামগড় পৌরসভার কাউন্সিলর ফারুক শাহ জানান, রামগড়ের ৩শ’ জন গ্রাহকের কাছ থেকে সংগৃহীত প্রায় ১০ লক্ষ টাকার মধ্যে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আমানতকারীদের ৪ লক্ষ টাকা ফেরত দেয়া হয়। অবশিষ্ট ৬ লক্ষ টাকার একটি চেক এবং এ টাকা আগামী দুই মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেয়া হবে বলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুসলেকা দেন ঐ তিন কর্মকর্তা। বৈঠকে রামগড় থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।