জামায়াত-শিবিরের নৈরাজ্য

৫ মাসেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্তরা

উপজেলায় জামায়াত-শিবিরের ব্যাপক নৈরাজ্যের ৫ মাস অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্তরা আজও ক্ষতিপূরণ পায়নি। জানা গেছে, মানবতা বিরোধী অপরাধে মাওঃ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরেই ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত জামায়াত-শিবির উপজেলার সর্বত্রই ধ্বংসযজ্ঞ চালায়। তারা হত্যা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। জামায়াত-শিবিরের এমন তাণ্ডবের পর সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দাখিলকৃত ক্ষয়ক্ষতির বিবরণ দীর্ঘ ৫ মাস পূর্বে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হলেও সরকারিভাবে ক্ষতিগ্রস্তরা আজও ক্ষতিপূরণ পায়নি। ঘটনার পর বিভিন্ন সময় মন্ত্রী, এমপি, মানবাধিকার কর্তা-ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তা-ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করলেও আজও তা বাস্তবতার মুখ দেখেনি।