হাসান রুহানির
অভিষেক
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:৩৮
ইরানের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানির। তিনি বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট পদে তাকে অভিষিক্ত করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
প্রেসিডেন্ট হিসেবে আহমাদিনেজাদের শেষ দিন ছিল শুক্রবার। এর মাধ্যমে পরপর দুই মেয়াদে নির্বাচিত ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদের অধ্যায় শেষ হল। ১৪ জুন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী রুহানি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হয়েই তিনি ইরানে সংস্কার ও দেশটির আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান করবেন বলে প্রতিশ্রুতি দেন।