ফিলিপাইনে ৩ সাংবাদিককে গুলি করে হত্যা

ফিলিপাইনে চলতি সপ্তাহে তিনজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। চার বছরের মধ্যে এটাই দেশটিতে সাংবাদিক হত্যার বড় ঘটনা। শুক্রবার পুলিশ জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর জেনারেল সান্টোস শহরে ৫৩ বছর বয়সী ফ্রিল্যান্স আলোকচিত্রী সাংবাদিক মারিও সাই হামলাকারীদের সর্বশেষ শিকার। দুই হামলাকারী বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ঢুকে স্ত্রী ও সন্তানের সামনে তাকে হত্যা করে। ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়নের মহাসচিব রূপার্ট ম্যাঙ্গিলিট বলেন, মঙ্গলবার ম্যানিলায় বন্দুকধারীদের গুলিতে একটি ট্যাবলয়েডের দুই কলামিস্ট নিহত হবার পর সর্বশেষ এই ঘটনাটি ঘটল। নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট জানিয়েছে, ফিলিপাইনে ১৯৯২ সাল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৭৩ সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বে ফিলিপাইন সাংবাদিকদের জন্য দ্বিতীয় ঝুঁকিপূর্ণ দেশ। জেনারেল সান্টোশ শহরের পুলিশের তদন্ত কর্মকর্তা ফার্নান্ডো টোরেটা বলেন, কর্তৃপক্ষ এখনো সাইয়ের ওপর হামলার কারণ জানতে পারেনি।