আমি ভিত্তিহীন
অভিযোগে বিচারের
শিকার
............. বার্লুসকোনি
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২১:৩৯
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেছেন, তিনি ভিত্তিহীন এবং অবাস্তব সব অভিযোগে বিচারের শিকার। কর ফাঁকির এক মামলায় ইতালির সুপ্রিম কোর্ট তার একবছরের কারাদণ্ড বহাল রাখার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্লুসকোনি। বিবিসি এ খবর দিয়েছে। গতবছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় অভিযুক্ত বার্লুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০০৬ সালের ক্ষমা আইনে সাজার মেয়াদ ১ বছরে নামিয়ে আনা হয়। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওই দণ্ড বহাল রাখে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। এর প্রতিবাদ জানিয়ে ৯ মিনিটের ওই ভিডিও বার্তায় বার্লুসকোনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একের পর এক ৫০টিরও বেশি অভিযোগ আনা হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “এসব অভিযোগ অবাস্তব এবং ভিত্তিহীন। বর্তমান সভ্য বিশ্বে সত্যিকার অর্থেই আমি বিচারিক হয়রানির শিকার হচ্ছি”।
কারাদণ্ডাদেশের রায় বহাল রাখা ছাড়াও বার্লুসকোনিকে সরকারি কার্যালয়ে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনারও নির্দেশ দিয়েছে আদালত। বয়সের বিবেচনায় ৭৬ বছর বয়সী বার্লুসকোনিকে কারাগারে না রেখে গৃহবন্দি রাখা হচ্ছে। তবে কমিউনিটি সার্ভিসের তত্ত্বাবধানে থাকার আবেদন জানানোর বিকল্প পথও খোলা থাকছে তার জন্য।