রায়ে জামায়াত নিষিদ্ধের দাবি বাস্তবায়নে এক ধাপ অগ্রগতি হয়েছে

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতারা বলেছেন, হাইকোর্টে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা হওয়ায় সংগঠনটি নিষিদ্ধের দাবি বাস্তবায়নের একধাপ অগ্রগতি সাধিত হয়েছে। তারা বলেন, উগ্র সামপ্রদায়িক জঙ্গি, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য হুমকি। এই রায়ের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যাকারী জঙ্গিবাদী, সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণিত হল। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ কথা বলেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকনউদ্দিন পাঠান, সহ-সভাপতি কবি মফিদা আকবর, নূরে আলম সিদ্দিকী খোকন প্রমুখ। নেতৃবৃন্দ আরো বলেন, স্বাধীনতা ও মানবতাবিরোধী জামায়াত ইসলামী ধর্মের অপব্যাখ্যা ও ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে জামায়াত ইসলাম যুদ্ধাপরাধী, সন্ত্রাসী ও জঙ্গিবাদী দল।