কুমিল্লা বোর্ডে জিপিএ-৫
বাড়লেও কমেছে
পাসের হার
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২২:১০
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার শতকরা ৬১ দশমিক ২৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯০ জন। গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৬০ ভাগ। অর্থাত্ পাসের হার কমেছে শতকরা ১৩ দশমিক ৩১ ভাগ। এ বোর্ডের ফলাফলে প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ২য় হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ এবং তৃতীয় হয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ। এবারে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৯০ জন। যা গত বছরের চাইতে ২শ’ ৪০ জন বেশি। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ২ হাজার ১শ’ ৫০ জন। এবার এ বোর্ডের ৭ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান একটিও নেই।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর এ বোর্ডের আওতাধীন কলেজ সমূহ থেকে ৮৮ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৪ হাজার ৩৫৯ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৭ হাজার ৬৫১ জন ছাত্র এবং ২৬ হাজার ৭০৮ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৫০৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৯ হাজার ১৭৪ জন। মানবিকে ৩০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৫ হাজার ৭৮১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষায় অংশ নেয় ৪৫ হাজার ৩৬০ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৪০৪ জন।
সেরা ২০ প্রতিষ্ঠান
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ৬টি জেলায় সেরা ২০ কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। দ্বিতীয় কুমিল্লা ক্যাডেট কলেজ, তৃতীয় ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, ৪র্থ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ৫ম কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, ৬ষ্ঠ চাঁদপুরের আল আমিন একাডেমী, ৭ম চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, ৮ম কুমিল্লা সোনার বাংলা কলেজ, ৯ম ফেনী সরকারি কলেজ, ১০ম ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ১১তম কুমিল্লার বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজ, ১২তম কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ, ১৩ম কুমিল্লার দাউদকান্দির জুরানপুর আদর্শ কলেজ, ১৪তম নোয়াখালী সরকারি কলেজ, ১৫তম কুমিল্লার ইবনে তাইমিয়া হাই স্কুল এন্ড কলেজ, ১৬তম কুমিল্লা সরকারি কলেজ, ১৭তম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ১৮তম কুমিল্লা কমার্স কলেজ, ১৯তম কুমিল্লার মুরাদনগরের অধ্যাপক আবদুল মজিদ কলেজ এবং ২০তম ফেনীর ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজ।