জামায়াত নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই :সৈয়দ আশরাফ

জামায়াতকে নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর দলটি নিষিদ্ধের জোরালো দাবি উঠলেও সে রকম কোন পরিকল্পনা সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, গঠনতন্ত্র সংশোধন করে জামায়াত পুনরায় ইসির নিবন্ধন পেতে পারে। আশরাফ বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন শর্ত সাপেক্ষে নিবন্ধন দেয়। আওয়ামী লীগ ও বিএনপিকেও এ শর্ত দিয়ে দেয়া হয়েছিল। উল্লেখ্য, জামায়াতের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সংঘর্ষপূর্ণ অভিযোগ করে করা একটি রিট আবেদনের রায়ে গত বৃহস্পতিবার আদালত দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে। গতকাল শনিবার বিকালে ওয়াসার বোতলজাত পানি শান্তি’র উত্পাদন কার্যক্রম পরিদর্শন ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, “রাজনৈতিক দল নিবন্ধনের অনেক শর্ত থাকে। জামায়াত যদি নির্বাচন কমিশনের কাছে সেসব শর্ত পূরণের অঙ্গীকার করে তাহলে তারা নিবন্ধন ফেরত পাবে। এছাড়া নিবন্ধনহীন রাজনৈতিক দল নির্বাচন করতে না পারলেও কার্যক্রম চালাতে পারে। জামায়াত নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। এদিকে, দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের দাবিও উঠেছে। জামায়াতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের এখনো কোন পরিকল্পনা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অবজারভেশন দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারের বিধান আছে।