ঈদের পর ‘বাংলা বসন্ত’ অপেক্ষা করছে :মওদুদ
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আরব বসন্তের মতো ’বাংলা বসন্ত’ অপেক্ষা করছে। ঈদের পর এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে সেই ’বাংলা বসন্ত’ আসবে। সরকারকে কেউ রক্ষা করতে পারবে না। মওদুদ বলেন, হাইকোর্টের একটি বেঞ্চ জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দিয়েছে। রায়ের বিরুদ্ধে জামায়াত সুপ্রিমকোর্টে আপিল করেছে। সুতরাং বিষয়টি এখন বিচারাধীন। এই রায়ে ১৮ দলীয় জোটে কোনো প্রভাব পড়বে না। আমাদের ঐক্য অটুট থাকবে।
বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ইউডিএফ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, প্রধানমন্ত্রীর ছেলে রাজনীতিতে আসুক এটা আমি চাই। কারণ তিনি শিক্ষিত মানুষ। আমি তার কাছ থেকে উঁচুমানের রাজনীতি আশা করি। তারেক রহমান সম্পর্কে জয়ের কটূক্তি করা উচিত হয়নি। আপনি রাজনীতিতে নবীন এটা আপনাকে মনে রাখতে হবে। দুঃখের বিষয় আপনি রাজনীতিতে এসেই বির্তক সৃষ্টি করেছেন। তিনি বলেন, বিএনপি সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতে একটি গোয়েন্দা সংস্থা অনেক টাকা দিয়ে বিএনএফকে মাঠে নামিয়েছে। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এতে সহায়তা করছে। এতে বিএনপির ক্ষতি হবে না। ক্ষতি হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে তাকে শক্তিশালী করতে হবে।
ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের সমন্বয়কারী এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, ডা. মো. আবু তোহা, জিয়া সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।