জামায়াত নির্বাচন নয়, রাজনীতি করতে পারবে

জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক দল আর সন্ত্রাসী দলের মধ্যে পার্থক্য রয়েছে। জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধী সংগঠন। তারা সংবিধানের সাথে সাংঘর্ষিক কাজে লিপ্ত থাকে। জামায়াতে ইসলামকে আদালতের রায়ে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে, তবে তারা রাজনীতি করতে পারবে। আজ শনিবার কুষ্টিয়া ভেড়ামারায় স্নাতক পাস ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামীকে বিষপোকার সঙ্গে তুলনা করে বলেন, জামায়াতে ইসলামীকে প্রশাসনিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে কি হবে না, তা সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা মুখোশ পরা উগ্রবাদ, ঘোমটা পরা জঙ্গিবাদ। তারা সুযোগ পেলেই পতাকার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাই আগে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিষপোকা জামায়াতে ইসলামীকে নিধন করতে হবে। তারপরে আগাছা নিধন করা হবে। তথ্যমন্ত্রী ওয়েজ বোর্ড সম্পর্কে বলেন, কাল রবিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে। হেফাজত ইসলামীর চেয়ারম্যান আল্লামা শফীকে তেতুল হুজুর আখ্যায়িত করে তিনি বলেন, গণতন্ত্রকে হুমকিমুক্ত করতে জামায়াতে ইসলামী ও তেতুল হুজুরদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।