ঈদের বিশেষ ট্রেন আজ থেকে
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৮
সরব হয়ে ওঠেছে রাজধানী থেকে বের হওয়ার সবগুলো পথ। রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট— সর্বত্রই ঈদ উত্সবের আমেজ। এ পর্যায়ে ঘরমুখো মানুষের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। পরিবহন বিড়ম্বনা আর যানজট-ভোগান্তির আশংকায় রাজধানীর বাসিন্দাদের অনেকে স্ত্রী-সন্তানদের কয়েকদিন আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেনগুলো আজ রবিবার থেকে চলাচল শুরু করবে।
ঢাকা ও চট্টগ্রাম থেকে নির্ধারিত কয়েকটি গন্তব্যে যাতায়াত করবে ৭ জোড়া বিশেষ ট্রেন। এছাড়া রেলওয়ের নিয়মিত ট্রেনগুলোও যথারীতি চলাচল করবে। রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আবু তাহের ইত্তেফাককে বলেন, বিশেষ ট্রেন ও নিয়মিত ট্রেনগুলোর মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষদের সুবিধার্থে সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট নদীবন্দরে গতকাল শনিবার খবর নিয়ে জানা গেছে, গত শুক্রবার থেকেই ঘরমুখো মানুষের স্রোত কমবেশি শুরু হয়েছে। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভিড় বাড়তে থাকবে। কমলাপুর স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার থেকে গত ২ দিন অধিকাংশ ট্রেন ঢাকা থেকে যাত্রীপূর্ণ অবস্থায় ছেড়ে গেছে। আজ থেকে যাত্রীর চাপ আরো বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রেলওয়ের মহাপরিচালক জানান, যাত্রীদের চাহিদা অনুযায়ী আজ রবিবার থেকে দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) জন্য স্টেশনের কাউন্টার থেকে তাত্ক্ষণিক টিকিট বিক্রি শুরু হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঈদের বিশেষ ট্রেন সার্ভিস ও প্রতিটি নিয়মিত আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে এই ব্যবস্থা চালু থাকবে। এছাড়া ঈদ মৌসুমের কথা বিবেচনায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ সংস্কার ও মেরামত হওয়া ১৩৫টি বগি বিভিন্ন ট্রেনে সংযোজন করছে।
এদিকে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার একজন সহ-সভাপতি ইত্তেফাককে জানান, শুক্রবার থেকে সদরঘাটেও যাত্রীর ভিড় বেড়েছে। মহিলা ও শিশু যাত্রীর সংখ্যা বেশি। তিনি বলেন, ঈদের আগের ৩ দিনের সকল কেবিন বিশেষ ব্যবস্থায় অগ্রিম বুকড হয়ে গেছে। এ কারণে সাধারণ যাত্রীদের অনেকেই তাদের স্ত্রী-সন্তানদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য কিছুটা আগেই কেবিন ভাড়া করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া আগামী মঙ্গলবার থেকে সদরঘাট কেন্দ্রিক প্রতিটি লঞ্চ সার্ভিস সকাল ও সন্ধ্যায় দুইটি করে ট্রিপ চলাচল করবে বলে তিনি জানান।
অন্যদিকে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ট্রেন ও লঞ্চের মতো সড়কপথেও যাত্রীদের ভিড় বেড়েছে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি জি আর শহীদ জানান, ঈদের সপ্তাহ খানেক বাকি থাকতেই ঢাকামুখী ট্রিপগুলোতে যাত্রীশূন্যতা দেখা দিয়েছে। তবে ঢাকা থেকে বের হওয়ার প্রতিটি ট্রিপেই স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী সংখ্যা বাড়ছে বলে তিনি জানান ।