দেশের বাইরে পাঁচ কেন্দ্রে পাস করেছেন ১৪৮ শিক্ষার্থী
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৪০
২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর দেশের বাইরে অবস্থিত মোট পাঁচটি কেন্দ্রে ১৪৮ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৯০ দশমিক ২৪। গতকাল শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী, এ বছর বিদেশি পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রগুলোতে ১৬৪ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পাস করে ১৪৮ জন। অকৃতকার্য হয়েছে ১৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩২ জন।
পাঁচ কেন্দ্রের মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ থেকে ২২ পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেন। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ২৪ শিক্ষার্থীর ১৯ জন, জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৪৮ জনের মধ্যে ৪৫, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৬৫ জনের মধ্যে ৬০ জন এবং ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল এন্ড কলেজের পাঁচ পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেন।