‘নিঃস্বার্থ ভালোবাসা’ দিয়ে শুরু হচ্ছে নতুন সিনেপ্লেক্স!
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২০:৪৬
এবারের ঈদের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে অনন্ত-বর্ষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’। দেশের একাধিক সিনেমাহলে মুক্তির পাশাপাশি এই চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকার আরও একটি ব্যয়বহুল সিনেপ্লেক্সের শুভযাত্রা শুরু হচ্ছে।
ঢাকার বাড্ডা-বারিধারায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের মাল্টিপ্লেক্সে এবারের ঈদ থেকেই নতুন চলচ্চিত্র নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে। আর এই সিনেপ্লেক্সে ঈদ উপলক্ষে এরই ভেতরে একাধিক চলচ্চিত্র প্রদর্শনীর প্রস্তুতি চলছে। পাশাপাশি বলিউড-টলিউড তারকাদের সমাবেশেরও কথা চলছে। তবে সিনেপ্লেক্স তাদের এই শুভযাত্রায় প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শন করবে এম এ জলিল অনন্ত পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি।
এই চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক অনন্ত বলেন, ‘ঈদের সবচেয়ে বড় উত্সব আমি মনে করি ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিটি। দর্শকদের আনন্দ উপভোগের জন্য ঢাকার সবচেয়ে আকর্ষণীয় থিয়েটার হল হিসেবে যমুনা সিনেপ্লেক্সে এই ছবির প্রদর্শনী হবে। এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য অনেক বড় একটি ঘটনা বলে আমি মনে করি। এ ছাড়া এবারের ঈদে এই চলচ্চিত্র প্রদর্শনীর ক্ষেত্রেও বেশ কিছু চমক রাখা হয়েছে।’ এ ছাড়াও এই সিনেপ্লেক্সে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, ‘জুরাসিক পার্ক থ্রিডি’সহ একাধিক হলিউড ব্লক বাস্টার মুভি ঈদের দিন থেকে প্রদর্শনীর প্রস্তুতি চলছে।