তিশা-নিশোর ‘অপেক্ষায় থাকুন’

হিমেল ও রোদেলা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। শান্ত, সুবোধ ও সৃজনশীল ছেলে হিমেল। কাজ আর রোদেলার বাইরে কিছু ভাবে না সে। অন্যদিকে রোদেলা চঞ্চল ও অস্থির। বিশ্ববিদ্যালয়ে এসেই তাদের প্রেম। দু’জনেরই পড়াশোনা শেষ পর্যায়ে। রোদেলা চাকরি নিতে যায় ওসমান গনির অফিসে। বুদ্ধি ও কাজের প্রতি আগ্রহ দেখে তাকে নিয়োগ দেন ওসমান গনি। চাকরি পেয়ে রোদেলা হিমেলকে বলে তাদের সম্পর্কের ব্যাপারে তার বাবাকে জানাতে। কিন্তু হিমেল শত চেষ্টা করেও সেটা পারে না। এদিকে, প্রথম দিন থেকেই রোদেলার প্রতি আকৃষ্ট হন ওসমান গনি। বিবাহিত ওসমান গনির আচার-আচরণ দিন দিন বদলে যেতে দেখে তার স্ত্রীর সন্দেহ হয়। চুলের কালার, খাবারের অভ্যাসসহ নানা পরিবর্তন দেখা যায় ওসমান গনির মধ্যে। তার ডায়েরির মধ্যে রোদেলার ছবি দেখে স্ত্রীর সন্দেহ আরও বেড়ে যায়। একদিন সকালবেলা ওসমান গনির বাসায় যায় রোদেলা। এরপর ঘটে নতুন ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘অপেক্ষায় থাকুন’। তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, নিশো, কায়েস চৌধুরী প্রমুখ। ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।