দুই দিনব্যাপী সেলিম আল দীন জন্মোত্সব

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৪তম জন্মবার্ষিকী আগামী ১৮ আগস্ট। সেলিম আল দীনের পুণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে নাট্যসংগঠন স্বপ্নদল আগামী ১৭ ও ১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দুইদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব’-এর আয়োজন করেছে। এ উত্সবের স্লোগান—‘আত্মশক্তির জিয়নপরশে কালঘুম নাশে, দ্বিধা হলো লীন, নাট্যাচার্য সেলিম আল দীন’। এ বিষয়ে জাহিদ রিপনকে আহ্বায়ক এবং ফজলে রাব্বী সুকর্ণকে সদস্য-সচিব করে জন্মোত্সব উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব’-এর সম্ভাব্য অনুষ্ঠানমালায় থাকছে—সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা, নাট্যাচার্যকে নিবেদিত সংগীত-কোরিওগ্রাফি উপস্থাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ‘নাট্যাচার্য সেলিম আল দীন :নবীন নাট্যকারের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার, সেলিম আল দীনের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ প্রযোজনার মঞ্চায়ন। সেলিম আল দীনের স্মৃতিকথা অবলম্বনে ‘ফেস্টুনে লেখা স্মৃতি’র নাট্যরূপ দিয়েছেন জাহারাবী রিপন, নির্দেশনা উপদেষ্টা জাহিদ রিপন এবং নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী। আর ‘হরগজ’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।