চকরিয়ায় মার্কেটের ছাদে পুদিনা চাষ

কক্সবাজারের চকরিয়ায় বিল্ডিংয়ের ছাদের উপর শখের বসে পুদিনা চাষ করে তরুণ ক্রিকেটার মামুন বাজিমাত করেছেন। গত তিনবছর ধরে শহরের সমবায় মার্কেটের ছাদে পুদিনা পাতার চাষ করছেন ক্রিকেট একাডেমীর কোচ নুর মোহাম্মদ মামুন। ২০১০ সালে দু’টি পুদিনা গাছ পুঁতে শুরু করেন চাষের পরিধি। এখন মার্কেটের ছাদে মামুনের বিশাল পুদিনা বাগান। প্রতিবছর রমজান মাসে বাগানের পুদিনা পাতা বিক্রি করে পুরো পরিবারের ঈদের খরচ মেটাচ্ছেন মামুন। তার বাড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে। এবছরও পুদিনা পাতা বিক্রি করে সফলতার মুখ দেখছেন এই তরুণ। চকরিয়া পৌরশহরের সমবায় সমিতি মার্কেটে দীর্ঘদিন ধরে চাকরি করছেন পিতা মোহাম্মদ আলম। পিতার পাশাপাশি সমিতির কার্যালয়ে ছোট-খাট কাজ করেন মামুন। এই সুবাদে কাজের ফাঁকে ফাঁকে মার্কেটের ভবনের ছাদে অনেকটা শখের বশে পুদিনা পাতার চাষ শুরু করেন এই তরুণ। প্রথম বছর ২০১০ সালে রমজান মাসে পুদিনা বিক্রি করে আয় করেন ১৮ হাজার টাকা। পরের বছর বিক্রি করেন সাড়ে ১৪ হাজার টাকা। সফল পুদিনা চাষি নূর মোহাম্মদ মামুন বলেন, প্রথম বছর শখের বসে মার্কেটের ছাদে মাত্র দু’টি পুদিনা গাছ লাগিয়ে শুরু করেন চাষাবাদ। রমজান মাসে পুদিনা পাতা বিক্রি করে বছরের অন্য সময়ে বাগানটি পরিচর্যার মাধ্যমে গাছগুলো জিইয়ে রেখেছেন পানি ছিটিয়ে। এভাবেই চলছে নিত্যদিন বাগানের পরিচর্যার কাজ। তিনি বলেন, এবছর রমজান মাস শুরুতেই গেল ১২ দিনে প্রায় ১০ হাজার টাকার পুদিনা বিক্রি করেছেন। এখনো তার বাগানে বিপুল পরিমাণ পুদিনা কাটার অপেক্ষায় রয়েছে। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিকউল্লাহ বলেন, কাজের ফাঁকে পুদিনা চাষ করে মামুন উপজেলায় কৃষি বিপ্লবে নতুন মাত্রা সৃষ্টি করেছে। তার মতো উদ্যোগী হয়ে এলাকার তরুণ-যুবকরা এরকম লাভজনক চাষে সম্পৃক্ত হলে দেশ অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়ে যাবে।