সিলেটের শিশু ঢাকায় উদ্ধার অপহরণকারী গ্রেফতার
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৭
সিলেটের দক্ষিণ সুরমা থেকে গত বৃহস্পতিবার সকালে শিশু শুভ কুমার দাশকে (৫) রিকশাচালক ফারুক অপহরণ করে নিয়ে যায়। শুভকে সকালে কলোনী থেকে রিকশায় তুলে দক্ষিণ সুরমার তেলিবাজার নিয়ে যায়। রিকশাটি সেখানে রেখে ফারুক মিতালী কোচে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টায় শিশুকে নিয়ে ঢাকার মিরপুর এলাকার শাহ আলী (রহ.) মাজারে গিয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, রিকশাচালক ফারুকের মোবাইল নম্বর সংগ্রহ করে শিশুর আত্মীয় পরিচয় দিয়ে তার সাথে কথা বললে সে জানায় আমি হেতিমগঞ্জে আছি। শিশুকে নিয়ে বাসায় ফিরছি। পুলিশ মোবাইল নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় ফারুক শিশুটিকে নিয়ে ঢাকায় যাচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্র দাস শুভকে উদ্ধারের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মোবাইল ফোনে আসামি ফারুকের অবস্থান ডিএমপি, ঢাকার মিরপুর শাহ আলী থানাধীন শাহ আলী (রহ.) মাজারে অবস্থান নিশ্চিত করে। পরে থানা পুলিশের সহায়তায় শুক্রবার ভোর ৪টায় শাহ আলী (রহ.) মাজার ঢাকা হতে ভিকটিম শুভকে উদ্ধার এবং আসামি ফারুককে গ্রেফতার করে মোগলাবাজার থানায় নিয়ে আসে। বিকাল ৩টায় অপহরণকৃত শিশুকে পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়।