শেয়ারবাজারের সূচক ও লেনদেনে নিম্নগতি অব্যাহত

শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমার প্রবণতা অব্যাহত রয়েছে। গত পাঁচ কর্মদিবস ধরে শেয়ারবাজারে টানা দরপতন চলছে। এতে ডিএসই’র সূচক ৩ হাজার ৯৭৫ থেকে ৩ হাজার ৮৩৩ পয়েন্টে নেমে এসেছে। একইসঙ্গে কমছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেন হয়েছে ২০৩ কোটি টাকা। যা গত কয়েক সপ্তাহ ধরে হওয়া হাজার কোটি টাকা থেকে অনেক নিচে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭৮ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৯৯ কোটি ২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ঈদ উল ফিতর এর পর দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কায় বিনিয়োগকারীরা লেনদেন করতে চাইছেন না। তারা পরিস্থিতি বুঝে বিনিয়োগে আসতে পারে। ফলে শেয়ারবাজারের লেনদেনে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। গতকাল বাজারে যে লেনদেন হয়েছে তা গত ৪৭ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। বাজারে লেনদেনে জ্বালানি খাতের প্রাধান্য অব্যাহত রয়েছে। গতকালও এ খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ২০ ভাগ। এদিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া ওষুধ ও রসায়ন খাতের সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটির আইপিওতে আবেদন চাওয়া হলে ১০ লাখ ৫৭ হাজার আবেদন জমা পড়ে। সেন্ট্রাল ফার্মা ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪ কোটি টাকা সংগ্রহ করে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মার্কেট লট ৫০০টি।