নরসিংদীর পাওয়ারলুম ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা ও প্রতিবাদ চেম্বার অব কমার্সের
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২১:০৪
নরসিংদীর চৌয়ালায় পাওয়ারলুম ফ্যাক্টরিতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। রবিবার চেম্বারস্ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সাংবাদিকদের নিকট এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোশারফ হোসেন (সিআইপি), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল মামুন, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম, পরিচালক কাজীম উদ্দিন, নিজাম উদ্দিন লিটন, মনিরুজ্জামান ভুঁইয়া, তৈয়বুর রহমান, মোমেন মোল্লা প্রমুখ জানান, গত ১ আগস্ট ঈদ বোনাসের দাবিতে এক শ্রেণীর শ্রমিক হঠাত্ উত্তেজিত হয়ে পাওয়ারলুম শিল্প মালিকদের ফ্যাক্টরিতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ, বাড়ি-ঘরে ভাংচুর, হামলা, এমনকি চৌয়ালা বণিক সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এ ঘটনা দুঃখজনক। এ ঘটনার পিছনে শ্রমিকদেরকে উস্কানি দানকারীরাও দেশ ও জাতির শত্রু বলে উল্লেখ করেন তারা।