বোনাস না দেয়ায় হাতিরপুলে শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদ বোনাস না দেয়ার প্রতিবাদে গতকাল রাজধানীর হাতিরপুলে একটি গার্মেন্টেসের দুই শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে। হাতিরপুল এলাকায় এক ঘন্টা ধরা সড়ক অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হয় বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে আসা নগরবাসীকে। শ্রমিকরা জানান, দুই দিন আগে হাতিরপুলের টিএস গার্মেন্টেস কর্তৃপক্ষ রবিবার ঈদ বোনাস দেয়ার কথা ঘোষণা দেয়। রবিবার বিকাল ৩ টার দিকে গার্মেন্টসের কর্মকর্তারা শ্রমিকদের জানায় যে, বোনাসের ৪০ লাখ টাকা পরীবাগ এলাকায় ছিনতাই হয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে পড়ে। তারা হাতিরপুল সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকে। প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলার পর সেখানে পুলিশ গিয়ে মধ্যস্থতা শুরু করে। কলাবাগান থানার ওসি এনামুল হক বলেন, পরীবাগ এলাকায় ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা সঠিক নয়। টিএস গার্মেন্টস কর্তৃপক্ষ মিথ্যা ছিনতাইয়ের খবর ছড়িয়ে দিয়ে শ্রমিকদের উত্তেজিত করেছে। বিকাল ৪ টার দিকে পুলিশ সড়ক থেকে অবরোধ সরিয়ে নিতে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। এসময় গার্মেন্টসের মহিলা শ্রমিকরা পুলিশের লাঠিচার্জের শিকার হন। লাঠিচার্জে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে ঘটনার পর টিএস গার্মেন্টস কর্তৃপক্ষ এ ব্যাপারে সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে চায়নি। গার্মেন্টস কর্তৃপক্ষ ফ্যাক্টরির গেট বন্ধ করে দেয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে, কলাবাগান থানার ওসি জানান, শ্রমিকরা বোনাস না পাওয়ায় সড়ক অবরোধ করলেও তারা থানায় এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ যোগাযোগ করলেও তারা ঈদ বোনাস নিয়ে পুলিশের সঙ্গে কোন কথা বলতে চায়নি। এ কারণে কোন মধ্যস্থতা না হয়ে শ্রমিকরা বোনাস না নিয়ে ফিরে গেছে বলে তিনি জানান।