পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান না হওয়ায় অস্থিরতা

আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম আবার শান্তি চুক্তির আগের অবস্থায় চলে যেতে পারে। রবিবার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসীদের ভূমি অধিকার বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে রাশেদ খান মেনন আরো বলেন, সেখানকার ভূমি-সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এটাই ঐ অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। ‘আদিবাসী’ শব্দটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা হয়েছে। অথচ আওয়ামী লীগের ইশতেহারে একাধিকবার শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দটি নিয়ে যখন বিতর্ক শুরু হলো, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগ যুক্তি দেখিয়েছে, এই শব্দ ব্যবহার করা হলে বাংলাদেশকে অনেক আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। দেশে তা বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, হেফাজতের মতো আদিবাসীরা আন্দোলন করতে পারলে তাদের দাবিও মেনে নিত সরকার। কিন্তু আদিবাসীরা হেফাজতের মতো নয়। তাদের বিশ্বদৃষ্টি আছে। হেফাজতিদের তা নেই। জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়। আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং অনুষ্ঠানে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এদিকে জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা (সন্তু লারমা) মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় বলেছেন, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। না হলে সরকারের যে সবার জন্য শিক্ষা কার্যক্রম তা বাস্তবায়ন হবে না। ব্র্যাক ইন সেন্টারে ‘বিভিন্ন জাতি গোষ্ঠীর জন্য মাতৃভাষায় শিক্ষা:বর্তমান পরিস্থিতি’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম প্রত্যেক নাগরিকের অধিকার। আর সেই অধিকার পূরণ করতে হবে সরকারকেই। জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিবদমান অনেকগুলো সমস্যার মধ্যে শিক্ষা অন্যতম। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন নীতিমালায় আদিবাসীদের শিক্ষার উপর গুরুত্বের কথা বলা হলেও এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি হয়নি। এই জন্যই বরাবরের মতো আদিবাসী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। তিনি বলেন, চুক্তির অন্যতম শর্তানুযায়ী প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে জেলা পরিষদের নিকট হস্তান্তর করতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ সিকদার। এদিকে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করে পার্বত্য নাগরিক পরিষদ রাশেদ খান মেনন ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের ‘আদিবাসী’ শব্দ ব্যবহার সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন। ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার জন্য তাদের প্রতি আহবান জানায় সংগঠনটি। এ সময় পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলকাছ আল মামুন ভুঁইয়া উপস্থিত ছিলেন।