চট্টগ্রামে শিশু ফুটবল উত্সব
শফি মিয়া বয়েজ সোলজার্স চ্যাম্পিয়ন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২১:৫৯
চট্টগ্রামে শিশু ফুটবল উত্সবে শফি মিয়া বয়েজ সোলজার্স শিরোপা লাভ করেছে। গতকাল রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সফি মিয়া বয়েজ সোলজার্স টাইব্রেকারে ৫-৪ গোলে ফজল করিম লিটল টাইগার্সকে পরাজিত করে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা গোল শূন্য ড্র ছিল। টাইব্রেকারে জয়ী দলের পক্ষে জয়, সাব্বির, রাহি, সরোজ, সুভাষ এবং বিজিত দলের পক্ষে হাসান, জিযাদ, রনি ও রাম বাবু গোল করেন।
শফি মিয়া বয়েজ সোলজার্স দলের সাব্বির ফাইনালের ফজল করিম দলের জিয়াদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এমএ রহিম দলের দর্পণ সেরা গোলদাতা এবং চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক শান্ত বড়ুয়া সেরা গোলরক্ষক হিসাবে বিবেচিত হয়। খেলা শেষে চট্টগ্রামেই জেলা প্রশাসক আবদুল মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সিজেকেএস ফুটবল সম্পাদক আল্লামা মো. ইকবাল বক্তব্য রাখেন। বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ডিএফএ সম্পাদক এসএম শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালন করেন সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিশু ফুটবল উত্সব শুরু হয় ২৯ জুলাই। এর আগে দুই শতাধিক ফুটবলারের মধ্য থেকে ৮০ জন ক্ষুদে খেলোয়াড়কে বাছাই করে নেয়া হয়। ২০ জন করে খেলোয়াড় নিয়ে ৪টি দলে বিভক্ত হয়ে তাদের উত্সবে খেলানো হয়।