ঢাকায় ফিরলো ফুটবল দল
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:০০
থাইল্যান্ডে অনুশীলন ম্যাচ খেলে গতকাল রবিবার বিকালে ঢাকায় ফিরেছে জাতীয় ফুটবল দল। তবে দলের সাথে ফেরেননি ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরে গেছেন ঢাকায় পরিবার নিয়ে আসবেন বলে।
জাতীয় ফুটবল দল থাইল্যান্ডে প্রথম ম্যাচে স্থানীয় লিগের এক ক্লাব দলের কাছে ২-১ গোলে পরাজিত হলেও দ্বিতীয়টিতে সেদেশের অনূর্ধ্ব-১৯ ফুটবল দলকে ১-০ গোলে হারায়। গোল করেন শাখাওয়াত হোসেন রনি। যদিও এই রনির কারণে নেপালে অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপ ফুটবলে ফিলিস্তিনের বিরুদ্ধে হারতে হয়েছিল বাংলাদেশকে। ফিলিস্তিন গোলকিপারকে ছোট বক্সে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল বাইরে মেরেছিলেন রনি। এ সফর সম্পর্কে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন তার দলে ফিনিশিংয়ের ঘাটতি রয়েছে। দুর্বলতা আছে স্ট্রাইকিং পজিশনে। উইঙ্গার মোবারক ‘কাপ মাসলে’ ব্যথা পেয়েছেন।
বাংলাদেশ ফুটবল দল থাইল্যান্ডে গিয়েছিল সেদেশের জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বলে। কিন্তু বলা হচ্ছে সেখানে লিগ চলছে বলে বাংলাদেশ দলটির সাথে খেলার সুযোগ পায়নি। যদিও গত সপ্তাহেই থাই জাতীয় দল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের বিরুদ্ধে ব্যাংককে খেলেছে। ওই খেলায় লিভারপুল ৩-০ গোলে জয়ী হয়।