জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে

বাংলাদেশ তরীকত ফেডারেশন বলেছে, সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী জনশৃংখলার স্বার্থে বিশেষ ক্ষমতা আইন ও সর্বশেষ সন্ত্রাস দমন আইনে নির্বাহী আদেশে জামায়াত নিষিদ্ধ হতে পারে। গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তরীকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে ঈদের পর পরই হরতাল আহ্বান করে জামায়াত জনজীবনে এক চরম দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। একইভাবে তারা রায়ের প্রতিক্রিয়ায় ইতিমধ্যে জ্বালাও-পোড়াও করে আতঙ্ক ও নাশকতার পরিবেশ সৃষ্টি করেছে। যা কখনোই ইসলাম সমর্থন করে না। তিনি বলেন, সরকারের প্রতি দাবি, অনতিবিলম্বে জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে তাদের অর্থনৈতিক উত্সগুলোকে চিহ্নিত করে তা রাষ্ট্রীয়করণ করতে হবে। নইলে আগামী নির্বাচনে এর মাশুল দিতে হবে।