কালিয়াকৈর বাস টার্মিনাল ১৮ বছরেও সংস্কার হয়নি
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:৩০
১৮ বছর পূর্বে ১৯৯৪ সনে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াকৈর বাসীর বহুল আকাঙ্খিত বাস টার্মিনালটি নির্মিত হয়। নির্মাণের পর দীর্ঘ ১৮ বছরেও এটির কোন সংস্কার হয়নি। ফলে দুই শতাধিক বাস, ম্যাক্সি টেম্পো এই ভগ্ন টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। ভগ্ন টার্মিনালটির অভ্যন্তর কর্দমাক্ত হয়ে আছে। এর ভবন, ড্রেন, প্রাচীন রাস্তা প্রভৃতি ভেঙ্গে গেছে। একটু বৃষ্টি হলেই টার্মিনালের অভ্যন্তর কাদা পানিতে ময়লা হয়ে যায়। যান বাহনাদি এর অভ্যন্তরে ঢুবতে না পেরে ঢাকা-টাংগাইল সড়কের দু পাশে দাঁড়িয়ে থাকে। ফলে ঢাকা-টাংগাইল সড়কে সর্বদা যানজট লেগেই থাকে এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যানবাহনের ভীড় ঠেলে তাদের যান বাহনের অভ্যন্তরে উঠতে হচ্ছে।