লারমনিরহাটে তিস্তায় আকস্মিক ভাঙ্গন
কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২২:৪২
তিস্তা নদীর আকস্মিক ভাঙ্গনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের নাউয়ের ডাংগা এলাকার ১২টি বাড়ি ও একশত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের দাপটে শতাধিক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
এলাকাবাসী জানায়, সপ্তাহখানেক আগে ভাঙ্গন শুরু হয়। একে একে ফসলি জমি নদীতে চলে যায়। গতকাল রবিবার ভোর থেকে বাড়িঘরও নদী গিলে নিতে শুরু করেছে। গতকাল সারারাত জেগে কিছু ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেয়া হয়। ইতিমধ্যে কালাম হোসেন, কাশেম আলী, শাহাজাহান. ছালাম, জিয়াউর, কাইয়ুম, জহুরুল, খলিল, আসাদুর, সফিকুল, জব্বারের বাড়িঘর নদীতে চলে গেছে। এ প্রতিবেদক গতকাল রবিবার ভাঙ্গন কবলিত স্থানে উপস্থিত হলে এলাকার মানুষ বলেন, আমরা সরকারের কাছে সাহায্য চাই না, আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে চাই। ওই এলাকার মেহের আলীর পাঁচটি টিনের ঘর নদী থেকে পাঁচশ গজ দূরে রয়েছে। যে কোন মুহূর্তে চলে যেতে পারে নদীতে। জনা বিশেক লোককে দেখা গেলো প্রস্তুতি নিচ্ছে ঘরগুলো সরানোর। ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবাইল ফোনে জানান, প্রতিদিনই দুই একটি করে বাড়ি ভেঙ্গে যাচ্ছে। নদী অঞ্চলে এটা স্বাভাবিক ব্যাপার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দ্র নাথ রায় জানান, তিনি ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হবে।