বগুড়ায় কুপিয়ে যুবক হত্যা

বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাদিম (৩২) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার হরিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, ফোন পেয়ে নাদিম হরিপুর গ্রামে গিয়েছিলেন। এরপর দুর্বৃত্তরা তাকে রাস্তার পাশে হত্যা করে ফেলে রেখে চলে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।