বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নগরীর বান্দ রোড সংলগ্ন ভাটার খাল এলাকায় পিতামাতা হারা ঝুমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঝুমা ওই এলাকার সজল সরদারের স্ত্রী ও মোহাম্মদী ইলেকট্রিক প্রোডাক্টের (এমইপি) শ্রমিকের কাজ করতো। এঘটনার পর অটোরিকশা চালক স্বামী সজল সরদার পলাতক রয়েছে। বরিবার সন্ধ্যা ৬টায় ঝুমার খালা পরিচয়দানকারী ডলি এবং তার স্বামী মোশারেফ সরদার গোপনে বরিশাল শেরে বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে আত্মহত্যাজনিত মৃত্যু সনদ সংগ্রহের চেষ্টা করেন। তারা চিকিত্সকদের আত্মহত্যা করছে বলে দাবি করে। কিন্তু কীভাবে আত্মহত্যা করেছে তা স্পষ্ট বলতে না পারায় চিকিত্সকরা কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এসআই দেলোয়ার হোসেন জানান, ঝুমার খালু বলছেন, ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে খালা বলছেন, মেয়েটি প্রতিবন্ধী ছিল। কিভাবে মারা গেছে তা তিনি নিশ্চিত না। প্রতিবন্ধী হলে কারখানায় কাজ করতো কিভাবে, এর কোন সদুত্তর তারা কেউ দিতে পারেননি। স্থানীয় একাধিক সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ঝুমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।