এদেশে স্বকীয়তা বজায় রেখে রাজনীতি করা দুরূহ :সৈয়দ আশরাফ
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৩, ২৩:০৩
স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে স্বকীয়তা বজায় রেখে রাজনীতি করা খুবই দুরূহ কাজ। এদেশের প্রতি স্তরে স্তরে অনিয়ম ও অনৈতিক কার্যকলাপ হচ্ছে। এর মাঝে স্বকীয়তা বজায় রাখা একটা দুরূহ ব্যাপার।
তিনি বলেন, অনেকেই আমার সমালোচনা করেন। সমালোচনা করার অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে। কিন্তু কেউ বলেন না যে, সৈয়দ আশরাফ দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ কিংবা আমি কারো কোনো ক্ষতি করেছি। সংসদে বিএনপি’র ১৭ জন এমপি দাঁড়িয়ে একটা কথাই বলেছেন, সৈয়দ আশরাফ ভদ্রলোক এবং একজন সত্ মানুষ। এটাই জনগণের কাছ থেকে আমার বড় পাওনা। মন্ত্রী গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইফতার পার্টি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের রাজনীতিতেও কলংকজনক অধ্যায় রয়েছে। রাজনীতিবিদরা সব সময় তাদের সততা ও দৃঢ়তা অনেক সময় ধরে রাখতে পারেন না। ইউরোপের দেশগুলোতেও রাজনীতিবিদরা এমন আচরণ করেন, যাতে তারা নিজেরাই খাটো হন, ভোটারদেরকেও খাটো করেন। তিনি আরো বলেন, রাজনীতিতে শেষ কথা নেই। সাত দিনেই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। ঈদের পর মহাজোটের বক্তব্য সারা বাংলাদেশে তুলে ধরা হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. আফজল হোসেন এমপি, সৈয়দ রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল আহসান সাজাহান প্রমুখ।